স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। একই সঙ্গে নতুন বেতন কাঠামোর আওতায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির হারও নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর করা হবে। তবে নতুন পে স্কেল চালু হলে বর্তমানে দেওয়া বিশেষ সুবিধাগুলো প্রত্যাহার করা হবে। ফলে সব মিলিয়ে প্রকৃত বেতন বৃদ্ধি প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের মধ্যে সীমিত থাকতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছরে বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ বেতন-ভাতা কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হতে পারে। বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো এবং তা ধাপে ধাপে বাস্তবায়নের কারণ বিস্তারিতভাবে তুলে ধরা হতে পারে।
তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের যে সুপারিশ করেছে, তাতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ফলে ওই সুপারিশের ভিত্তিতেই নবম পে স্কেল কার্যকরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি