| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় আসছেন নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০৭:৫০:৩৮:পূর্বাহ্ন  |  ৩২৯০ বার পঠিত
ঢাকায় আসছেন নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের মানুষের স্বপ্ন ও গণতান্ত্রিক মূল্যবোধ অভিন্ন। এই অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার কলকাতায় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে শুক্রবার ঢাকায় আসছেন ভারতের সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।

হাইকমিশনার হিসেবে তার অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্কই তার একমাত্র অগ্রাধিকার। আমরা সবাই ভাই-বোন। আমাদের অভিন্ন লক্ষ্য সীমান্ত নয়, স্বপ্ন। একই আকাশ, একই বাতাস এবং একই যন্ত্রণা আমাদের একসূত্রে বেঁধেছে। ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব, বলেন তিনি।

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ভবন পরিদর্শন করেন দীনেশ ত্রিবেদী। এ প্রসঙ্গে তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ তাকে অনুপ্রাণিত করে। দায়িত্ব গ্রহণের আগে নেতাজির স্মৃতিবিজড়িত স্থান থেকে প্রেরণা নেওয়াকে তিনি নিজের জন্য সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, আমি শুধু ভারতের ১৪০ কোটি মানুষের কথাই বলছি না, এর সঙ্গে বাংলাদেশের ২০ কোটি মানুষকেও যুক্ত করছি। এই ১৬০ কোটি মানুষের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, দুই দেশের মানুষের সমর্থন ও শুভকামনা আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

গত এপ্রিলে ভারত সরকার দেশটির সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণ করেন। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১১ সালে ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪