স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।
এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেও বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছিল স্বাগতিকরা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।
তিনি বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে।
এ ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
রিপোর্টার্স২৪/বাবি