| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন ৫২

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১০:৪০:১৬:পূর্বাহ্ন  |  ২৩৪৬ বার পঠিত
দেশে ফিরলেন ৫৬৮৬৮হাজি, মারা গেছেন ৫২

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫২ হাজার ৫৫৫ জন।

অন্যদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সংস্থাটি এখন পর্যন্ত ২৩ হাজার ৯৪৫ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ১৯ হাজার ৮২৭ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৮ হাজার ৩৮৩ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন আরও ৪ হাজার ৭১৬ জন হাজি।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৩৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৬৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৫০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৪ হাজার ১৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৮৯১টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে।

হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪