রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সফর বাতিল করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জানা গেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি রোববার (১৪ জুন) বিকাল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে অতিরিক্ত যাচাইয়ের মুখে পড়তে হয়।
প্রতিবেদনে বলা হয়, ইমিগ্রেশন কর্তৃপক্ষের নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) তার নাম শনাক্ত হওয়ায় তাকে বিমানবন্দরে আটকে রাখা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তিনি নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, এটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না থাকার কারণে ঘটেছে। আগেই সামাজিক যোগাযোগমাধ্যম–সংশ্লিষ্ট একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম সরানো হলেও তা ইমিগ্রেশন ওয়াচলিস্টে আপডেট না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ফলে স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কতা সক্রিয় হয়ে তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। ঘটনার পর সফর বাতিল করে তিনি দেশে ফিরে আসেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
রিপোর্টার্স২৪/ঝুম