রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সরকার “গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা” হিসেবে বর্ণনা করলেও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) একে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নমূলক এবং জনতুষ্টিমূলক বাজেট বলে মন্তব্য করেছেন।
সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেটের ওপর জাতীয় পার্টির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, “গণতান্ত্রিক বাজেট আসলে কী, সেটা আমার কাছে পরিষ্কার নয়।” তার মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে বাজেটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, অর্থনীতিকে চাঙ্গা করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। তবে তার দাবি, বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে তাদের সমর্থক জনগোষ্ঠী রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে চলে গেছে, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
জিএম কাদের বলেন, এই জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত না করা হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হয়ে পড়বে।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে, যার গভীরতা ও মাত্রা পুরোপুরি বোঝা যাচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তার মতে, প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে পারলেই বাজেটকে সত্যিকারের অর্থে “গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা” হিসেবে মূল্যায়ন করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম