| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৮:০৪:১৪:অপরাহ্ন  |  ৩২২৬ বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই উত্তেজনা প্রশমনের পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়ে আসছে। শান্তিচুক্তি বাস্তবায়নের পথে ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে চুক্তিটি বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সব পক্ষকে বিদ্যমান ইতিবাচক অগ্রগতির ধারা বজায় রেখে আলোচনার মাধ্যমে অবশিষ্ট বিষয়গুলোর সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে অঞ্চলজুড়ে দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪