| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য পরিচালনা পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৪:১৮:৫০:অপরাহ্ন  |  ৫৬৫ বার পঠিত
ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য পরিচালনা পর্ষদ চায় সচেতন গ্রাহক ফোরাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হারানো সুনাম ও গ্রাহক আস্থা পুনরুদ্ধারে সৎ, যোগ্য ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। একই সঙ্গে ব্যাংকের বর্তমান সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে একটি মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন ফোরামের নেতাকর্মীরা। পরে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক, যিনি তা গভর্নরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

সংবাদ ব্রিফিংয়ে ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের সংস্কার প্রক্রিয়া শুরু হলেও তা এখনো অসম্পূর্ণ রয়েছে। দ্রুত একটি দক্ষ, অভিজ্ঞ ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি।

তিনি বলেন, এমন একটি বোর্ড গঠন করতে হবে যেখানে থাকবেন শুধু সৎ, যোগ্য এবং আর্থিকভাবে স্বচ্ছ ব্যক্তিরা—যারা কোনো ধরনের অনিয়ম বা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নন।

ফোরাম নেতারা অভিযোগ করেন, অতীতে এস আলম গ্রুপসহ কিছু পক্ষ ব্যাংকের শেয়ার ও নিয়ন্ত্রণ জোরপূর্বক দখল করেছিল। এসব শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

তাদের মতে, ব্যাংককে দখলদারিত্বমুক্ত করে স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে পারলেই গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার সম্ভব।

৭ দফা দাবিতে আন্দোলন

ফোরাম বাংলাদেশ ব্যাংকের কাছে ৭ দফা দাবি উপস্থাপন করে, যার মধ্যে রয়েছে

১. স্বাধীন ও পেশাদার পরিচালনা পর্ষদ গঠন।

২. ২০১৭ সালে ‘জোরপূর্বক দখলকৃত’ মালিকানা প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া।

৩. এস আলম গ্রুপসহ অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার নিশ্চিত করা।

৪. ব্যাংক খাতে স্থিতিশীলতা রক্ষায় বিতর্কিত সিদ্ধান্ত বন্ধ এবং অপপ্রচার রোধে আইনগত ব্যবস্থা নেওয়া।

৫. পাচার করা অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন এবং সম্পদ বিক্রির মাধ্যমে ব্যাংকের ঋণ পরিশোধ।

৬. ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে লুটপাটকারীদের আজীবন নিষিদ্ধ করা।

৭. জাতীয় সংসদে ইসলামী ব্যাংক বিষয়ে দেওয়া বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার।

‘সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে’

অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে সংস্কার শুরু হলেও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এখন জরুরি। তিনি জানান, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ফোরামের আন্দোলন চলমান থাকবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য বুধবার একটি বৈঠকের কথা রয়েছে।

গ্রাহকদের আস্থা ফেরানোর আহ্বান

ফোরামের নেতারা বলেন, ইসলামী ব্যাংককে তার আগের অবস্থানে ফিরিয়ে নিতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনা কাঠামো নিশ্চিত করা অপরিহার্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪