| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৮:১১:৪৬:অপরাহ্ন  |  ৯৬১ বার পঠিত
সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা সরকারের রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের পর থেকেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে।

মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও গণমুখী করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিচালনার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়েও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় এবং সেই বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, নতুন অর্থবছর শুরু হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে নির্বাচনের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন সম্পন্ন হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪