রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সীমান্তে এমন হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিটি পর্যায়ে জোরালো প্রতিবাদ জানিয়ে আসছে।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের প্রতিটি বৈঠকে সীমান্ত হত্যা ইস্যুটি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হচ্ছে। আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ ধারাবাহিকভাবে আপত্তি জানিয়ে আসছে।
তিনি বলেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও বিভিন্ন কূটনৈতিক ও দ্বিপক্ষীয় আলোচনায় বিএসএফের জবাবদিহিতা নিশ্চিত এবং ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ চাপ অব্যাহত রেখেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে ‘নন-লেথাল’ বা অমরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। সীমান্ত এলাকায় অপ্রীতিকর ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম