সিনিয়র রিপোর্টার: অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর পল্টন থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় এ কর্মসূচি।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রতিপক্ষের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গুপ্ত রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মী ও তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা হাসিনা বাহিনীকে সরিয়েছি। প্রয়োজন হলে এবং জাতির স্বার্থে দক্ষিণ যুবদল আবারও বাঁশের লাঠি হাতে নিতে দ্বিধা করবে না।’
সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করা হলে যুবদল আর নীরব থাকবে না।
তিনি বলেন, ‘আমরা বসে থাকব না। সাংগঠনিকভাবেই এসব পরিস্থিতির মোকাবিলা করা হবে।’এ সময় তিনি জামায়াতে ইসলামীকে ‘সস্তা রাজনীতি’ পরিহার করে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
রিপোর্টার্স২৪/এসসি