রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত ও কার্যকর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সরকার গণমাধ্যম খাতের সংস্কার ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সরকার সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায়। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর ও সময়োপযোগী কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে। সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম মালিক, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে গঠিত এই সংলাপ ও মতবিনিময় ভবিষ্যতে ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার এ প্রক্রিয়ায় সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে গণমাধ্যম খাতের ভবিষ্যৎ সংস্কারের একটি কার্যকর পথরেখা তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
কর্মশালায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যম যদি দায়িত্বশীলভাবে ভুলগুলো চিহ্নিত করে তুলে ধরে, তাহলে সরকার সেগুলো সংশোধনের সুযোগ পায়। এতে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী হয়।
কর্মশালায় গণমাধ্যম খাতের উন্নয়ন, স্বাধীনতা, নৈতিকতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো ও কার্যপরিধি নিয়ে বিভিন্ন অংশীজন মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের গণমাধ্যম খাতে ইতিবাচক পরিবর্তন আনতে এবং একটি আধুনিক ও কার্যকর গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ঝুম