| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুবাইদা রহমান প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছেন : মঈন খান

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৭:২৯:৫৫:অপরাহ্ন  |  ১০২১ বার পঠিত
জুবাইদা রহমান প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছেন : মঈন খান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ডা. জুবাইদা রহমান আপন মেধা, প্রজ্ঞা ও মানবিক গুণাবলির মাধ্যমে নিজেকে একজন মহীয়সী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি শুধু একজন খ্যাতিমান চিকিৎসকই নন, বরং জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ডা. জুবাইদা রহমান সবসময়ই আড়ম্বরপূর্ণ জন্মদিন উদযাপনের বিপক্ষে। তার ব্যক্তিত্ব ও জীবনদর্শনের প্রতিফলন ঘটেছে এবারের জন্মদিন আয়োজনেও, যেখানে জাঁকজমকের পরিবর্তে গুরুত্ব পেয়েছে মানবসেবা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড।

তিনি আরও বলেন, মেধাবী প্রজন্ম গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আধুনিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্য বাস্তবায়নে ডা. জুবাইদা রহমান দীর্ঘদিন ধরে নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে কলেজ প্রাঙ্গণে অতিথিদের সঙ্গে নিয়ে একটি নিমগাছ রোপণ করেন ড. আব্দুল মঈন খান। এছাড়া তিনি পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

এছাড়া যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪