| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস টার্মিনাল ঢাকার বাইরে সরাতে কতদিন লাগবে?

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৯:১৮:৫৯:অপরাহ্ন  |  ১২২৩ বার পঠিত
বাস টার্মিনাল ঢাকার বাইরে সরাতে কতদিন লাগবে?

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা থেকে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া আন্তঃজেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে নিতে দুই থেকে আড়াই বছর সময় লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে বাস টার্মিনালগুলো কার্যত ডিপো ও ওয়ার্কশপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজধানীর বাইরে নতুন ডিপো ও টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল উত্তরার আব্দুল্লাহপুর সংলগ্ন এলাকায় স্থানান্তর করা হবে।

শেখ রবিউল আলম বলেন, এখনই টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হচ্ছে না। প্রথমে নতুন স্থানগুলো ডিপো হিসেবে ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে বাসগুলো সেখানে স্থানান্তরিত হলে বর্তমান টার্মিনালগুলোর ওপর চাপ কমে আসবে।

তিনি বলেন, সবমিলিয়ে দুই থেকে আড়াই বছরের মধ্যে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হবে। তবে এর আগেই ধাপে ধাপে পরিবর্তন শুরু হবে।

মন্ত্রী আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বাস কাউন্টার ও অনিয়ন্ত্রিত বাস দাঁড় করানোর সংস্কৃতিও বন্ধ করা হবে। পাশাপাশি যাত্রীসেবা উন্নত করতে বাস টার্মিনালগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তার মতে, আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যেই রাজধানীর বাস টার্মিনাল ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪