রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিজেদের ঘরে ফিরে যেতে চায় এবং দীর্ঘমেয়াদি এই সংকটের টেকসই সমাধান কেবল প্রত্যাবাসনের মাধ্যমেই সম্ভব।
শুক্রবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। শনিবার সকালে ঢাকায় পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারেই নিহিত। তাই এর স্থায়ী ও টেকসই সমাধানও সেই দেশেই খুঁজে বের করতে হবে।
তিনি আরও জানান, মানবিক বিবেচনায় বাংলাদেশ প্রায় এক দশক ধরে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে দীর্ঘ সময় ধরে এই বিশাল জনগোষ্ঠীর উপস্থিতি বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত বিভিন্ন খাতে বড় ধরনের চাপ তৈরি করেছে।
রাষ্ট্রদূত বলেন, বিপুল সংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি অবস্থান স্থানীয় জনগোষ্ঠী ও জাতীয় সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই এখনই এই সংকটের দ্রুত ও কার্যকর সমাধান প্রয়োজন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীদারদের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকার আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দেন।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গারা নিজেরাই মিয়ানমারে তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায়। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
তিনি আরও বলেন, যাদের কারণে রোহিঙ্গারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনা এবং সংকটের মূল কারণগুলো সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী ও ধারাবাহিক মনোযোগ প্রয়োজন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য বিশ্ব ও আঞ্চলিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
বাংলাদেশের পক্ষ থেকে আবারও বলা হয়, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের কার্যকর সমাধান সম্ভব। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আসছে ঢাকা।
রিপোর্টার্স২৪/ঝুম