| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিডিপি ও মূল্যস্ফীতি নির্ণয় পদ্ধতিতে বড় সংস্কার আনছে সরকার

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ২২:২৭:৫৩:অপরাহ্ন  |  ৮৮৮ বার পঠিত
জিডিপি ও মূল্যস্ফীতি নির্ণয় পদ্ধতিতে বড় সংস্কার আনছে সরকার

স্টাফ রিপোর্টার: তথ্যের সঠিকতা বাড়িয়ে সেগুলোকে আরও বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য করতে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক গণনার পদ্ধতি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) গণনার পদ্ধতি সংস্কারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।

শনিবার (২০ জুন) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং কর্তৃক বাস্তবায়নাধীন ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত জিডিপি, ভোক্তা মূল্য সূচক, মূল্যস্ফীতি এবং মজুরি হার সূচক প্রণয়নসংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরিসংখ্যান ভবনের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় জোনায়েদ সাকি বলেন, কার্যকর উন্নয়ন পরিকল্পনার জন্য নির্ভরযোগ্য তথ্য অপরিহার্য। জিডিপি গণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সূচক, যা দেশের অর্থনৈতিক অবস্থা মূল্যায়নে সহায়তা করে। তাই এর পদ্ধতিকে আরও নির্ভুল, আধুনিক ও বাস্তবসম্মত করা প্রয়োজন।

তিনি বলেন, সিপিআই এবং জিডিপির পরিসংখ্যান শুধু পরিসংখ্যানগত তথ্যই নয়, বরং অর্থনৈতিক নীতি নির্ধারণের ভিত্তি তৈরি করে। এই সূচকগুলোর যেকোনো ভুল বা অসঙ্গতি দেশের সামগ্রিক পরিকল্পনা প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান পদ্ধতিগুলোর উন্নয়ন বিষয়ে মতামত সংগ্রহের জন্য সরকার ইতোমধ্যে গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করেছে। সেই সুপারিশগুলোর ভিত্তিতে একটি প্রাথমিক সংস্কার প্রস্তাব প্রস্তুত করা হবে।

তিনি আরও বলেন, তথ্যের সত্যতা নিশ্চিত করতে এবং কোনো সম্ভাব্য বিকৃতি বা কারসাজি শনাক্ত করতে অতীতের তথ্য পর্যালোচনা করা হবে।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে প্রকাশিত তথ্য বাস্তবতাকে পুরোপুরি প্রতিফলিত করে না, যা মানুষের মধ্যে আস্থার ঘাটতি তৈরি করে। আস্থা পুনরুদ্ধারের জন্য সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য উপস্থাপন করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, সরকার মূল্যস্ফীতি পরিমাপের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও উন্নত পদ্ধতি গ্রহণের পরিকল্পনা করছে, যাতে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রকৃত ভোক্তা ব্যয়ের ধরণকে আরও ভালোভাবে প্রতিফলিত করতে পারে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক এবং বিবিএসের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ওবায়দুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় ভোক্তা মূল্য সূচক (সিপিআই), মূল্যস্ফীতি ও মজুরি হার সূচক প্রণয়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের উপপরিচালক স্বজন হায়দার। এছাড়া জিডিপি প্রণয়ন পদ্ধতি, তথ্যের উৎস, কভারেজ, ত্রৈমাসিক জিডিপি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন একই উইংয়ের উপপরিচালক তোফায়েল আহমদ। সভাটি সঞ্চালনা করেন বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাহাবুদ্দীন সরকার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪