| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী?

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১০:৫৪:৩৭:পূর্বাহ্ন  |  ৩৯৬ বার পঠিত
জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী?

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও স্পেনে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও দেশটিতে বিদ্যুৎ বিল কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুফল এখন ভোগ করছে স্পেন।

সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, মার্চ মাসে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর থেকে স্পেনের প্রতিটি পরিবার গড়ে মাসে প্রায় ১০ ইউরো বিদ্যুৎ বিল সাশ্রয় করেছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সৌর ও বায়ুশক্তিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্প্রসারণ।

গত কয়েক বছরে স্পেনে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২১ সালে দেশটির বিদ্যুতের মূল্যের ওপর গ্যাসের প্রভাব ছিল প্রায় ৫২ শতাংশ, যা ২০২৬ সালে নেমে এসেছে মাত্র ৯ শতাংশে। একই সময়ে সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৩৭ শতাংশ।

এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিলেও স্পেন তুলনামূলকভাবে সুরক্ষিত অবস্থানে রয়েছে। গ্যাসের আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি পেলেও বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে, যা সরাসরি সুবিধা দিচ্ছে সাধারণ ভোক্তাদের।

নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে গত কয়েক বছরে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে স্পেন। ২০১৯ সালের পর দেশটি সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ করেছে। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

এর ইতিবাচক প্রভাব পড়েছে বিদ্যুতের বাজারদরেও। ইউরোপের অনেক দেশের তুলনায় বর্তমানে স্পেনে বিদ্যুতের দাম অনেক কম। চলতি বছরের মার্চ মাসে ইতালিতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের দাম ছিল ১৪৩ ইউরো, যেখানে স্পেনে একই পরিমাণ বিদ্যুতের দাম ছিল মাত্র ৪২ ইউরো।

জনগণকে আরও স্বস্তি দিতে স্পেন সরকার ২০২৬ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত বিদ্যুতের ওপর আরোপিত সাময়িক কর কমিয়েছে। এর ফলে প্রতিটি পরিবার গড়ে মাসে আরও ৮ ইউরো পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পেয়েছে।

তবে ২০২৫ সালের বড় বিদ্যুৎ বিভ্রাটের অভিজ্ঞতার পরও নবায়নযোগ্য জ্বালানির পথ থেকে সরে আসেনি স্পেন। বরং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল করতে সরকার ব্যাটারি সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং নতুন সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ বাড়াচ্ছে।

বিশ্লেষকদের মতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ফলে স্পেন শুধু পরিবেশগত সুবিধাই পাচ্ছে না, একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সংকটের ধাক্কাও সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হচ্ছে।


সূত্র: ইউরোনিউজ


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪