| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১১:৩১:৪৯:পূর্বাহ্ন  |  ১১৮২১ বার পঠিত
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং দেশটিতে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছেন তিনি।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও তুলে ধরেছি।”

তিনি জানান, উভয় দেশ একমত হয়েছে যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং শ্রমিকদের আর্থিক ব্যয়ও হ্রাস পাবে।

দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, হালাল শিল্প, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশ বিদ্যমান সহযোগিতা কাঠামো আরও সক্রিয় করার পাশাপাশি যৌথ কমিশন বৈঠক ও পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের পরামর্শ প্রক্রিয়া জোরদারে সম্মত হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনাও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সংস্কৃতি, সন্ত্রাসবাদবিরোধী গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ দলিল ও সমঝোতা স্মারক বিনিময় হয়েছে।

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কাজ করছে। দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা হচ্ছে, যা বিদেশি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য ঢাকা কৃতজ্ঞ।

আঞ্চলিক সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করছে। পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগদানের আগ্রহও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। তিনি মালয়েশিয়া সরকার ও জনগণের উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪