| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ১৩:১৩:১৯:অপরাহ্ন  |  ৫৩৪ বার পঠিত
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে লাইসেন্সিং ব্যবস্থা ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে যেখানে একটি ব্যবসা শুরু করতে প্রায় এক বছর সময় লাগে, সেখানে তা কমিয়ে মাত্র ১৪ দিনের মধ্যে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২২ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ বিষয়ক ডিব্রিফিং সেশনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বাণিজ্যমন্ত্রী বলেন, আদর্শ পরিস্থিতিতে একটি কোম্পানি ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সুযোগ পাবে।

তিনি বলেন, জাতিসংঘের এলডিসি উত্তরণ সংক্রান্ত সুপারিশকে শুধু সময় বাড়ানোর বিষয় হিসেবে না দেখে এটিকে একটি কৌশলগত সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। এই পরিবর্তনকে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রতিযোগিতা শক্তিশালীকরণ এবং উৎপাদন খাতকে বহুমুখীকরণের মাধ্যমে কাজে লাগাতে হবে।

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি ঘোষিত বাজেটে ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ, লাইসেন্সিং ব্যবস্থা সংস্কার এবং বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো সরকারের ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি’ গঠনের প্রতিফলন।

তিনি জানান, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এখন টেকসই উন্নয়ন, শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বাস্তবতায় বাংলাদেশকেও দায়িত্বশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট (আরবিসি) সেল’ গঠন করা হয়েছে। এটি সরকারি-বেসরকারি খাত, শ্রমিক সংগঠন ও উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয় বাড়াবে।

মন্ত্রী বলেন, ব্যবসা সহজীকরণে ইতোমধ্যে একটি কমিটি কাজ করছে। কোথায় সময় কমানো ও প্রক্রিয়াগত জটিলতা দূর করা সম্ভব, তা চিহ্নিত করা হয়েছে। আগামী জুলাই মাসে এ বিষয়ে বিস্তারিত জনঘোষণা দেওয়া হবে।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বিডার নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেকজনিয়াক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪