জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় মুজিব শতবর্ষের লোগো ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি খামে ডাকযোগে পাঠানো উড়ো চিঠিতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ চিঠিটি পান। হুমকির চিঠি পাওয়ার পর তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিঠির খামের বাম পাশে মুজিব শতবর্ষের লোগো ও শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার বাবা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে।
খামের ভেতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা চিঠিতে অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। উড়ো চিঠিতে তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হলেও এতে প্রেরকের কোনো নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।
মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। বিষয়টি জানতে পেরে ডাকঘরে খোঁজ নিয়েছি। সেখান থেকে বলা হয়েছে, চিঠিটি ইসলামপুর উপজেলা ডাকঘর হয়ে এসেছে।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সঙ্গে আমার এমন কোনো বিরোধ নেই, যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, তা বুঝতে পারছি না। চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।’
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ মিতু