মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন রংমহল ও ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংমহল বিওপির খাসমহল এবং ধলা বিওপির ধলার মাঠ এলাকায় দুটি টহল দল অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, ৩ হাজার ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, রংমহল বিওপির অভিযানে ১৬ বোতল ফেনসিডিল ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, ধলা বিওপির অভিযানে ৬ কেজি গাঁজা, ৪৮০ পিস ডেক্সামেথাসন ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।
দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি আরও জানান, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান এবং নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/রাফিদ