| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধঝুঁকি পেরিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১১:০৯:১৩:পূর্বাহ্ন  |  ১৯৭ বার পঠিত
যুদ্ধঝুঁকি পেরিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, যুদ্ধজনিত উত্তেজনা ও নিরাপত্তা সংকট মোকাবিলা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

মঙ্গলবার (২৩ জুন) জাহাজটি বিশ্বের অন্যতম স্পর্শকাতর এই নৌপথ অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমার দিকে এগিয়ে যায়। সেখানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স কার্যক্রম সম্পন্ন করা হবে।

২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন (DWT) ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক কর্মরত রয়েছেন।

সিঙ্গাপুরভিত্তিক একটি চার্টার প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত ‘এমভি বাংলার জয়যাত্রা’ চলতি বছরের ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে। পরে কাতারের মেসাইদ বন্দর থেকে প্রায় ৩৯ হাজার টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

তবে জাহাজটি জেবেল আলীতে অবস্থানকালে ২৮ ফেব্রুয়ারি অঞ্চলে সামরিক উত্তেজনা ও সংঘাত শুরু হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। প্রতিকূল পরিবেশের মধ্যেও গত ১১ মার্চ সফলভাবে কার্গো খালাস সম্পন্ন করে জাহাজটি।

এরপর যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি অতিক্রম অনিশ্চিত হয়ে পড়লে জাহাজটিকে সৌদি আরবের রাস আল খায়ের বন্দরে পাঠানো হয়। সেখান থেকে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন ও ডারবান বন্দরের উদ্দেশ্যে নতুন যাত্রার প্রস্তুতি নেয়।

কিন্তু হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জাহাজটি দীর্ঘ সময় আটকে থাকে। একপর্যায়ে গত ১৮ এপ্রিল ইরান নৌবাহিনী নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জাহাজটির ট্রানজিট অনুমতি প্রত্যাখ্যান করে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে এক ধরনের অবরুদ্ধ অবস্থায় অপেক্ষা করতে হয় জাহাজটিকে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সব ধরনের জটিলতা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে ‘এমভি বাংলার জয়যাত্রা’, যা বিএসসির জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪