রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে প্রাথমিকভাবে ১৩টির মধ্যে ৮টি সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসব প্রার্থীর নাম চূড়ান্তভাবে অনুমোদন করবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরা।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সেলিম উদ্দিন, যিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
এছাড়া দেশের আরও কয়েকটি সিটি করপোরেশনের জন্য প্রাথমিক মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনে মনোনীত হয়েছেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী। গাজীপুরে প্রার্থী করা হয়েছে সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমানকে। বরিশালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর শাখার আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির মোহাম্মদ আবদুল জব্বার প্রার্থী হিসেবে তালিকায় রয়েছেন।
তবে এখনো রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী চূড়ান্ত হয়নি। দলীয় সূত্র জানায়, এসব আসনে একাধিক নাম আলোচনায় রয়েছে এবং পর্যবেক্ষণের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, প্রাথমিক এই প্রার্থী তালিকা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সাংগঠনিক প্রস্তুতি ও রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করছে।
রিপোর্টার্স২৪/ঝুম