কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় পৃথক দুটি ঘটনায় দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার কিছু সময়ের মধ্যেই মেঘনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উভয় লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথমে হাসানপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি আপ লাইনে আটকে পড়ে।
এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস বিকল্প লাইন ব্যবহার করে চলাচলের সময় হাসানপুর ও গুণবতী রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকা-চট্টগ্রাম রুটে সম্পূর্ণ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
লাকসাম জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি পৃথক ঘটনায় আপ ও ডাউন—উভয় লাইনই বন্ধ হয়ে গেছে। তবে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে বিকল্প ইঞ্জিন ও উদ্ধারকারী ট্রেন আনার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন সরিয়ে নেওয়া এবং মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা যাবে।
নাঙ্গলকোট স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করার পর হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকলের শিকার হয় এবং আপ লাইনে আটকে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধার কার্যক্রম শুরু হলে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ও মালবাহী একাধিক ট্রেন আটকে পড়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি