| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে বিশেষজ্ঞদের স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক নারী ও কিশোরী

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৯:৩২:০২:অপরাহ্ন  |  ১৫৬২ বার পঠিত
কালাইয়ে বিশেষজ্ঞদের স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক নারী ও কিশোরী

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবার সুযোগকে আরও সহজলভ্য করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। নারী, কিশোরী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি, যেখানে শতাধিক মানুষ চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার কালাই সিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চর্মরোগ, যৌন ও প্রজনন স্বাস্থ্য, এলার্জি, হাড়-জোড়া, বাত-ব্যথাসহ বিভিন্ন রোগ বিষয়ে পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ৪০ শতাংশ ছাড়ে সরবরাহ করা হয়।

স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কালাই সিডিপির প্রোগ্রাম অফিসার তায়মন সজিব ইবনে বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন।
হেলথ অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. মুসতাকিনা রহমান এবং ডা. রেনু সরকার।
ক্যাম্পে সেবা নিতে আসা কয়েকজন নারী ও কিশোরী জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া সম্ভব হয় না। নিজ এলাকার কাছেই বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং স্বল্পমূল্যে ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গুড নেইবারস বাংলাদেশ কালাই শাখার ম্যানেজার প্রাঞ্জলী মৃ বলেন, সামাজিক ও অর্থনৈতিক নানা কারণে অনেক মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। তাদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতেই এই উদ্যোগ। 

তিনি জানান, এ ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামের শতাধিক নারী ও কিশোরী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ডা. মো. আল মামুন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রত্যন্ত অঞ্চলের নারী ও কিশোরীদের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত হলে অনেক জটিল রোগও প্রতিরোধ করা সম্ভব।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪