| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ১৫:১০:০৩:অপরাহ্ন  |  ৮২৭ বার পঠিত
নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: উন্নত আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষার তদারকি করেন এবং সামরিক সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বৃহস্পতিবার পরিচালিত এই পরীক্ষা উত্তর কোরিয়ার পাঁচ বছর মেয়াদি জাতীয় প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়। এতে উন্নত ২৪০ মিলিমিটার ২৪-টিউব মাল্টিপল রকেট লঞ্চার, বিশেষ মিশন ওয়ারহেডযুক্ত ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫৫ মিলিমিটার স্বচালিত হাউইটজার গোলার কার্যকারিতা মূল্যায়ন করা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, আধুনিকায়িত ২৪০ মিলিমিটার রকেট লঞ্চারের পাল্লা এখন প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এতে যুক্ত হয়েছে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ও উন্নত নির্ভুল লক্ষ্যভেদ প্রযুক্তি। একই সঙ্গে নতুন ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি বিমানঘাঁটি, সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্রের মতো কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। অন্যদিকে নতুন ১৫৫ মিলিমিটার স্বচালিত হাউইটজার গোলার কার্যকর পাল্লা প্রায় ৬৫ কিলোমিটার।

পরিদর্শনকালে কিম জং উন বলেন, এই পরীক্ষা দেশের সামরিক আধুনিকায়ন নীতির অধীনে অর্জিত প্রযুক্তিগত অগ্রগতির প্রমাণ। তাঁর মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, পিয়ংইয়ং শুধু প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়াতেই নয়, সম্ভাব্য প্রতিপক্ষকে প্রতিরোধ করতে আরও শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতাও তৈরি করছে। কিমের ভাষায়, উত্তর কোরিয়ার দূরপাল্লার হামলার সক্ষমতা অল্প সময়ের মধ্যেই আরও উন্নত ও আধুনিক ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪