ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে তেহরানের পক্ষে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, তার ব্যক্তিগত অনুরোধেই এরদোয়ান এই সংঘাত থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়ানোর অন্যতম প্রধান প্রার্থী ছিলেন, কারণ তিনি ইসরায়েলের নীতির প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সে জন্য তিনি নিজেই ব্যক্তিগতভাবে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন এবং সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানান। এরদোয়ান সেই অনুরোধ গ্রহণ করেন বলেও দাবি করেন ট্রাম্প।
এদিকে তুরস্কের প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনে সশরীরে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।
এ ছাড়া তুরস্কের তৈরি যুদ্ধবিমানের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান ও প্রয়োজনীয় ইঞ্জিন কেনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন তিনি।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তুরস্ককে সন্তুষ্ট করার মতো কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন।
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে তুরস্কের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: মিডল ইস্ট মনিটর
রিপোর্টার্স২৪/ধ্রুব