রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যমান আইন ও বিধিমালায় নবায়নের বিধান থাকলেও বর্তমানে এটি বাধ্যতামূলক নয়। তবে নাগরিকদের পরিচয় যাচাই আরও নির্ভুল, নিরাপদ ও হালনাগাদ রাখতে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা চলছে।
ইসি কর্মকর্তারা জানান, ১৫ বছর একটি দীর্ঘ সময়। এ সময়ে মানুষের চেহারায় স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য পরিবর্তন আসে। কেউ ইচ্ছাকৃতভাবে নিজের চেহারায় পরিবর্তন আনেন, আবার কেউ অস্ত্রোপচারের মাধ্যমে জেন্ডার পরিবর্তন করেন। পাশাপাশি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আঙুলের ছাপের গুণগত মানও কমে যেতে পারে। ফলে বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। এসব বিষয় বিবেচনায় রেখেই এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার প্রস্তাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
আইন কী বলছে
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০-এর ধারা ৭(১) অনুযায়ী, কোনো নাগরিককে দেওয়া জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনের ধারা ২ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে এবং নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে নবায়নের আবেদন করা যাবে।
অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে, এনআইডি নবায়নের জন্য প্রত্যেক নাগরিক বা প্রয়োজন অনুযায়ী তার আইনানুগ অভিভাবককে ফরম-৫ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
সরাসরি আবেদন করলে বিধি ৮-এর উপবিধি (২) অনুযায়ী নির্ধারিত ফি জমার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে ‘জরুরি’ বা ‘সাধারণ’ ক্যাটাগরিতে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করলে ফি পরিশোধের রসিদের স্ক্যান কপি ইলেকট্রনিক পদ্ধতিতে ‘জরুরি’ বা ‘সাধারণ’ হিসেবে দাখিল করতে হবে।
‘জরুরি’ আবেদন নির্বাচন কমিশনে এবং ‘সাধারণ’ আবেদন সংশ্লিষ্ট স্থানীয় কার্যালয়ে জমা দিতে হবে। আবেদন গ্রহণের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদনপত্রের অংশ ‘ক’-তে স্বাক্ষর করে আবেদনকারী বা তার আইনানুগ অভিভাবককে ফেরত দেবেন। অনলাইনে আবেদন করলে মোবাইল নম্বর বা ই-মেইলের মাধ্যমে অংশ ‘ক’ পাঠানো হবে।
বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন সাত দিনের মধ্যে এবং সাধারণ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। জরুরি নবায়নের জন্য ফি ১৫০ টাকা এবং সাধারণ নবায়নের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইসি যা বলছে
এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হওয়ার পর নবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, “এটা হচ্ছেই। কেউ চাইলে যখন-তখনও নবায়নের আবেদন করতে পারেন। এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলেও আবেদন করে নতুন কার্ড নেওয়ার সুযোগ রয়েছে।”
বর্তমানে অধিকাংশ নাগরিক এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ডের জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদনের ফি ২০০ টাকা এবং জরুরি আবেদন ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার সাধারণ ফি ৩০০ টাকা ও জরুরি ফি ৫০০ টাকা। এরপর প্রতিবার সাধারণ আবেদন ফি ৫০০ টাকা এবং জরুরি আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেন, “বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়।”
রিপোর্টার্স২৪/ঝুম