| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ, তিন দাবি

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ২১:৫৫:৪৪:অপরাহ্ন  |  ৩২৯ বার পঠিত
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ, তিন দাবি

চট্টগ্রাম প্রতিনিধি: মুনাফাসহ আমানত ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে একীভূত শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমানতকারীরা। বেসরকারি শরীয়াভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

সোমবার (২৯ জুন) সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের কাছে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

নগরের নিউমার্কেট মোড় থেকে ভুক্তভোগী আমানতকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

আমানতকারীরা বলেন, আমাদের কষ্টার্জিত টাকা নিরাপত্তার জন্য ব্যাংকে রেখে আমরা আজ রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরছি। আমরা রাস্তায় থাকার মানুষ না। আমরা এখন রোদে পুড়ছি, বৃষ্টিতে ভিজছি। আমাদের টাকা আমরা পাচ্ছি না। আমাদের চিকিৎসার খরচ তুলতে পারছি না। সন্তানদের লেখাপড়া করাতে পারছি না। বাংলাদেশ ব্যাংক আমাদের পথে বসিয়েছে। ব্যাংক কে লুট করেছে তার দায় আমানতকারীদের নয়। যারা টাকা লুট করেছে তাদের স্থাবর অস্থাবর সম্পদ নিলাম করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। আগামী ১৪-১৬ জুলাই ঢাকায় বৃহত্তর আন্দোলন করব। এরপর আমরণ গণঅনশনে যাব। 

বিক্ষোভ চলাকালে অ্যাসোসিয়েশনের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের সঙ্গে দেখা করেন। এ সময় আমানতকারীদের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- গ্রাহকদের ওপর আরোপিত অবৈধ ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার, ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং ব্যাংকে রাখা গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান আমানতকারীদের স্মারকলিপি গ্রহণ করেন এবং এটি দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানোর আশ্বাস দেন।

প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয় থেকে বেরিয়ে পুনরায় নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

একে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল, প্রচার সম্পাদক ইমরান হোসেন, আপ্যায়ন সম্পাদক সোহেল ও শান চৌধুরী।

বক্তারা সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিষয়ে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের সুদৃষ্টি কামনা করেন। 

এর আগে পাঁচ ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা খাতুনগঞ্জ ও আগ্রাবাদে একীভূত হওয়া ব্যাংকগুলোর কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪