ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে আসায় তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে ওপেক প্লাস। বিশ্লেষকদের মতে, জোটের সাতটি সদস্য দেশ রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে আগস্ট মাসের জন্য অপরিশোধিত তেলের উৎপাদন কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।
সৌদি আরব, রাশিয়াসহ ওপেক প্লাসের সাতটি দেশ বর্তমানে উৎপাদন নীতি পর্যালোচনায় অনলাইনে বৈঠক করছে। ধারণা করা হচ্ছে, ধাপে ধাপে পূর্বের উৎপাদন কাটছাঁট প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সুইস ব্যাংক ইউবিএস-এর পণ্য বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল পর্যন্ত উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। তবে তিনি উল্লেখ করেন, বাস্তবে সদস্য দেশগুলোর উৎপাদন এখনো নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের সময় ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়, ফলে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি ও উৎপাদন কমে যায়। ওপেকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব, ইরাক ও কুয়েতের সম্মিলিত উৎপাদন প্রতিদিন প্রায় ৬ মিলিয়ন ব্যারেল কমে গেছে।
তবে গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে সমঝোতার পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। এরপর থেকে ধীরে ধীরে তেল পরিবহন স্বাভাবিক হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও যুদ্ধ-পূর্ব পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।
সূত্র: এএফপি
রিপোর্টার্স২৪/ঝুম