সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ বার কাউন্সিলের রেস্ট হাউজের ইজারাদারের নিকট হতে সব বকেয়া পাওনা অবিলম্বে আদায়ের জন্য মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিলের নবগঠিত অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কমিটির নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘদিন যাবৎ বার কাউন্সিলের প্রাপ্য অর্থ পরিশোধ না করেই ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করছে ইজারাদার। ফলে বার কাউন্সিল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এজন্য সংশ্লিষ্ট ইজারাদারের নিকট হতে বার কাউন্সিলের সব বকেয়া পাওনা অবিলম্বে আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে পাওনা আদায়ের নিমিত্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরসহ সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (১০ জুলাই) বার কাউন্সিলের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা কাউন্সিলের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল এবং পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)।
সভায় বার কাউন্সিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। পাশাপাশি বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ল' রিফর্ম কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, হাউজ কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
রিপোর্টার্স২৪/ধ্রুব