| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৬ ইং | ১২:৪৩:১১:অপরাহ্ন  |  ৭৩৫ বার পঠিত
ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ যেন কাটছেই না। গতকাল দিনভর বৃষ্টিতে ঢাকার অধিকাংশ সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। সোমবার (১৩ জুলাই) সকালেও একই চিত্র দেখা গেছে। বৃষ্টির মধ্যে কাদা-পানি মাড়িয়ে কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে গণপরিবহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে।

সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছাতা মাথায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অসংখ্য মানুষ। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা কিংবা সিএনজি অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ ভিজেই কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

গতকালের বিরতিহীন বৃষ্টিতে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মোহাম্মদপুরের একাংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটমুখী নতুন সড়ক, খামারবাড়ি, ফার্মগেট, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকার বংশাল ও নাজিমউদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিলের একাংশ, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর এবং বারিধারার সংযোগ সড়কসহ রাজধানীর অসংখ্য এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজও অনেক এলাকায় পানি জমে রয়েছে।

রামপুরা থেকে পল্টনে অফিসগামী বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন বলেন, “সকাল থেকেই বৃষ্টি। চাকরির কারণে বের হতেই হয়েছে। কিন্তু গণপরিবহন কম থাকায় চরম ভোগান্তিতে পড়েছি। প্রতিদিন যে ভাড়ায় সিএনজি বা রিকশায় যাই, আজ তার দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। অফিসে সময়মতো পৌঁছানোর জন্য বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।”

অন্যদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণ ব্যাখ্যা করে সিএনজি চালক মোখলেসুর রহমান বলেন, “বৃষ্টির মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। রাস্তায় পানি জমে থাকায় ইঞ্জিন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, আবার যাত্রীও কম পাওয়া যায়। তাই কিছুটা বেশি ভাড়া চাই। জোর করে কাউকে নেওয়া হয় না। গতকাল জলাবদ্ধতার মধ্যে আমার সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সারাদিন আর কোনো আয় করতে পারিনি।”

আজ সকালেও রাজধানীর সড়কে গণপরিবহনের সংখ্যা অন্য দিনের তুলনায় কম দেখা গেছে। ফলে অধিকাংশ বাসে ছিল উপচে পড়া ভিড়। বৃষ্টি, জলাবদ্ধতা, যানবাহনের সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে কর্মজীবী মানুষের দুর্ভোগ যেন আরও বেড়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪