স্টাফ রিপোর্টার: বিয়ের সময় নির্ধারিত দেনমোহর পরিশোধ ও আদায়ের জন্য একটি বিস্তারিত পদ্ধতি বা নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
রুলে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারার অস্পষ্টতা দূর করে দেনমোহর আদায়, পরিশোধ এবং নারীর অধিকার ও স্বার্থ সংরক্ষণে কার্যকর নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের দুই সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন কমিশনের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদা আখতার জনস্বার্থে রিটটি দায়ের করেন। শুনানিতে তিনি বলেন, দেনমোহর নারীর আইনগত অধিকার হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তা পরিশোধ করা হয় না। এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকায় নারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান। তিনি জানান, রিটে অন্তর্বর্তী আদেশ চাওয়া হলেও আদালত তা না দিয়ে রুল জারি করেছেন।
রিটে বলা হয়, অনেক বিয়েতে অতিরিক্ত দেনমোহর নির্ধারণ করা হলেও তা বাস্তবে পরিশোধ করা হয় না। দীর্ঘ সময় পর পরিশোধের ক্ষেত্রে অর্থমূল্যের পরিবর্তন বিবেচনায় না নেওয়ায় দেনমোহরের মূল উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে। আদালতের এ রুলের মাধ্যমে বিষয়টি নিয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের পথ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রিপোর্টার্স২৪/বাবি