| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নবম পে স্কেলের নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে আজ?

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৩:১৭:০১:অপরাহ্ন  |  ১৩৯১ বার পঠিত
নবম পে স্কেলের নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে আজ?

রিপোর্টার্স২৪ ডেস্ক: বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ বুধবার সকালে সচিবালয়ে পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকেই সচিব কমিটির প্রস্তাবিত সুপারিশমালা চূড়ান্ত অনুমোদন পেতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে পরবর্তী বৈঠকে তা অনুমোদন করে মন্ত্রিসভার কাছে পাঠানো হবে।

নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বেতন কমিশনের সুপারিশ, সরকারের আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং ভাতা কাঠামো সমন্বয় করতে গিয়ে গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। যদিও সরকারের ঘোষণা অনুযায়ী চলতি জুলাই মাস থেকেই নতুন পে-স্কেল কার্যকরের লক্ষ্য রয়েছে।

অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন কাঠামোয় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। একই সঙ্গে সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্টের বর্তমান পদ্ধতিতে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে।

খসড়া সুপারিশ অনুযায়ী, ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট বহাল রাখা হবে। পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে।

এছাড়া চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা এবং সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

নতুন পে-স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা ২ হাজার থেকে ৩ হাজার টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কারণ, নতুন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজকের বৈঠকে সিদ্ধান্ত হলে সেটিই নবম পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী ধাপ নির্ধারণ করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪