| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৪:১৮:০৮:অপরাহ্ন  |  ১২১৮ বার পঠিত
শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার

রিপোর্টার্স২৪ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে শিক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য কর্মসূচি সামনে রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সরেজমিনে সায়েন্স ল্যাব এলাকা ঘুরে দেখা যায়, পরীক্ষা শেষ হওয়ার পর সিটি কলেজ কেন্দ্রসহ আশপাশের বিভিন্ন কেন্দ্র থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে বের হয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত এলাকায় বড় ধরনের কোনো জমায়েত বা বিক্ষোভের চিত্র দেখা যায়নি। পরিস্থিতি ছিল শান্ত, তবে নিরাপত্তা বাহিনী ছিল সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার এসআই মাহাবুবুর রহমান জানান, শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্ভাব্য আন্দোলনের কারণে অনেক অভিভাবকও পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানদের নিয়ে দ্রুত বাসার উদ্দেশে রওনা হতে দেখা যায় তাদের। অন্য দিনের তুলনায় এদিন অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তাদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বন্যা ও জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এ সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪