| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সায়েন্সল্যাব ছেড়ে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৬:১৮:০৫:অপরাহ্ন  |  ১৪৫৭ বার পঠিত
সায়েন্সল্যাব ছেড়ে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

রিপোর্টার্স২৪ ডেস্ক: তিন দফা দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। 

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে একত্রিত হয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাতে এসেছি। আমাদের তিন দফা দাবি এখনো পূরণ হয়নি। তাই শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে আমাদের দাবি জানাব।

নূরনন্নবী নামের আরেক শিক্ষার্থী বলেন, দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছে। আমাদের দাবিগুলো যৌক্তিক। সরকার যেন দ্রুত এগুলো বাস্তবায়ন করে।

শিক্ষার্থীরা মিছিলের সময় ‘দফা এক, দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে। এর আগে অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪