| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ১৩:১৭:০১:অপরাহ্ন  |  ১০৩২ বার পঠিত
এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তার ভাষ্য, কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে এর দায় একান্তই তার নিজের। এ ক্ষেত্রে পুরো পুলিশ বাহিনীকে দায়ী করার সুযোগ নেই।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘যিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, এটা তার ব্যক্তিগত দায়। তিনি ব্যক্তিগত দায় থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন এবং এই ক্ষেত্রে বাহিনীর কোনো দায় নেই। বাহিনী কখনো তার দায় নেবে না। এটি তার ব্যক্তিগত দায় হিসেবেই গণ্য করা হবে।’

এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কমিশনার জানান, গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে একটি মামলার এজাহার আসে। পরে সেটি পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন প্রয়োজন ছিল। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়।

তিনি আরও জানান, মামলা রুজু হওয়ার পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। আইন অনুযায়ী রোববারই তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় বাহিনীর মধ্যে কোনো ধরনের মানসিক চাপ তৈরি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, বিষয়টি মানসিকভাবে চাপে পড়ার মতো কিছু নয়। কারণ, কোনো ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার দায় ব্যক্তিগতভাবেই বহন করতে হবে।

এ সময় তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘যেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন, তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, জাহাঙ্গীরের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করার পরিকল্পনা-সংক্রান্ত একটি বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।

ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয় বলে জানান তিনি।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে নগরের অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪