| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৬ ইং | ১৬:৫৩:২৮:অপরাহ্ন  |  ১২৭০ বার পঠিত
সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সঠিক ও নিরপেক্ষভাবে যাচাই করা একটি পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশের বিষয়ে জানতে চান সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। আবার সরকার পরিবর্তনের পর তালিকা সংশোধন ও বাদ দেওয়ার ঘটনাও দেখা গেছে। স্বাধীনতার এত বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা নিয়ে প্রশ্ন থাকায় বর্তমান সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ নেবে কি না, তা জানতে চান তিনি।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রতি বিএনপির একটি দায়িত্ববোধ রয়েছে। দেশের স্বাধীনতার পর যাদের সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধার তালিকা তৈরির দায়িত্ব ছিল, তারা তা যথাযথভাবে করতে পারেননি। পরবর্তীতে বিভিন্ন সময়ে তালিকা তৈরিতে নানা জটিলতা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকার বিশেষজ্ঞদের সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ, নির্ভুল ও গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধার তালিকা তৈরির জন্য কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪