রিপোর্টার্স২৪ ডেস্ক: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মধ্য দিয়ে সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে এবং ফ্যাসিবাদের অবসান ঘটেছে। এই দিনটি জাতি যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সরকার জুলাইয়ের চেতনায় এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার প্রেরণা হিসেবে কাজ করবে।
তিনি বলেন, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সরকার সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “জুলাই আমাদের চেতনা। এই জুলাইয়ের মধ্য দিয়ে আবু সাঈদের আত্মত্যাগ, ওয়াসিম আকরামসহ ১ হাজার ৪০০ অকুতোভয় যোদ্ধার আত্মত্যাগের মাধ্যমে পুরো জাতি গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি।”
রিপোর্টার্স২৪/ঝুম