ইন্টারন্যাশনাল ডেস্ক: বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আবারও হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্দিমেশক শহরের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে সেটি ভূপাতিত করা হয়েছে।
ইরানের দাবি, তাদের মহাকাশ বাহিনীর নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। উত্তরাঞ্চলের এই শহরেই মার্কিন কনস্যুলেট এবং জোট বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, এরবিলে মার্কিন কূটনৈতিক স্থাপনার কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে বাহরাইনে হামলা এবং এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার বিষয়ে ইরানের দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: তাসনিম নিউজ
রিপোর্টার্স২৪/ধ্রুব