স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম শনাক্ত ও সরাসরি গুলি করেন তৎকালীন মেজর মো. মোজাফফর হোসেন। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন। এরপর ছদ্মনাম ধরে বিভিন্ন বেশে তিনি দেশে যাতায়াত করতেন।
হত্যাকাণ্ডের ৪৫ বছর পর বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, মেজর (অব.) মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান।
সূত্র আরও জানায়, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর মোজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। এরপর তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতেন।
ডিবি জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
বগুড়ার গাবতলীর এ সন্তান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
চট্টগ্রাম সফরকালে ১৯৮১ সালের ৩০ মে জেলা সার্কিট হাউজে গভীর রাতে কয়েকজন সেনাসদস্য তাকে হত্যা করে। তিন দিন পর তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। লাখ লাখ শোকার্ত মানুষ তার জানাজার নামাজে শরিক হয়। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব