ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ আপাতত স্থগিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দরু হুদিস্তেনু। তবে তার মতে, কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়নি। শেষ পর্যন্ত উভয় পক্ষকেই আলোচনার পথেই ফিরতে হবে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হুদিস্তেনু বলেন, কূটনীতির পথ একেবারে বন্ধ হয়ে যায়নি, বরং এটি সাময়িকভাবে স্থগিত রয়েছে।
তিনি বলেন, দিনশেষে যুক্তরাষ্ট্র ও ইরান-উভয় পক্ষকেই এই যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। তাই শেষ পর্যন্ত তারা একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে বাধ্য হবে।
হুদিস্তেনুর মতে, সংকটের শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের লক্ষ্য এবং কূটনৈতিক আলোচনার ধরন নিয়ে স্পষ্ট মতপার্থক্য ছিল।
যুদ্ধের অবসান কীভাবে হবে এবং আলোচনা কোন কাঠামোয় এগোবে, তা নিয়ে শুরু থেকেই দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি ছিল।
তিনি বলেন, এই ভিন্নমতের কারণেই পরিস্থিতি আবারও একটি সীমিত সামরিক সংঘাতের ফাঁদে আটকে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই বিশ্লেষক আরও বলেন, বর্তমান পরিস্থিতি সরাসরি বড় ধরনের যুদ্ধে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে দুই পক্ষের রণংদেহী অবস্থান উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে গত দুই মাসের মধ্যে বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সূত্র: আল-জাজিরা
রিপোর্টার্স২৪/ধ্রুব