| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনো বলিনি’

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৬ ইং | ২২:৫১:০৯:অপরাহ্ন  |  ৫৩২ বার পঠিত
‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংস্কারের কথা কখনো বলিনি’

স্টাফ রিপোর্টার: বিএনপি কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি, বরং বরাবরই সংবিধান সংশোধন করার পক্ষে অবস্থান নিয়েছে বলে স্পষ্ট করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটি স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

সংবিধানের পরিবর্তন নিয়ে চলমান রাজনৈতিক আলোচনার মধ্যে নিজের দলের অবস্থান পরিষ্কার করে মির্জা ফখরুল বলেন, ‘সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন এক নয়। আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনো বলিনি।’ 

জুলাই অভ্যুত্থানের সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিকে জড়িয়ে ছড়ানো নানা বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘জুলাই সনদ তো আমরা সবাই একসঙ্গে মিলেই স্বাক্ষর করেছি। যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি, একসঙ্গেই স্বাক্ষর করেছি। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমরা বারবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘গণভোটের একটি অংশ নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। অথচ এখন নানা প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যেভাবে চেয়েছি, সেভাবেই বাস্তবায়ন করবো। জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরা পালন করবো, এটি আমাদের কমিটমেন্ট।’

জুলাই আন্দোলনকে ক্ষমতার হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘জুলাইয়ের আন্দোলন শুধু জুলাই মাসেরই আন্দোলন নয়। এই আন্দোলন দীর্ঘ প্রায় ১৮, ১৯ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ফলশ্রুতি। বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১৭শ’ নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার মানুষ এই লড়াইয়ে প্রাণ হারিয়েছে। তাই এই আন্দোলনকে যেন কেবল ক্ষমতায় যাওয়ার আরেকটি হাতিয়ারে পরিণত করা না হয়।’

প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রকৃত গণতন্ত্রমনা ও অসাধারণ এই দেশপ্রেমিক মানুষটি আমাদের কাছে ছিলেন একটি বাতিঘরের মতো। তাকে দেখেই আমরা লিবারেল ডেমোক্রেসির দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। আমরা বিভাজনের রাজনীতি না করে, সবাইকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪