স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক তৎকালীন মেজর মোজাফফর হোসেনকে (৭৭) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
বিগত সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ আদেশ দেন। আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে হাজির করতে বলা হয়েছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, মানবতাবিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
সারাদেশে যখন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি (মোজাফফর) ও মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটি সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা পেয়েছে। সে কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসেছে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে, ১/১১-এর সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো বিষয়ে সংশ্লিষ্টতা আছে কি না, তা উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তা একটি আবেদন করেছেন।
২৩ জুলাই তাকে হাজির করার জন্য আদেশ দেওয়া হয়েছে। মোজাফফর হোসেনকে হাজির করা হলে শোন অ্যারেস্টের আবেদন করবো। দুইজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জুলাইয়ের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী,বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ (ডিবি)। জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে মোজাফফরকে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেনা হেফাজতে রয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব