আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুন মাসে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর তিনি মন্ত্রিসভা থেকেও সরে দাঁড়ালেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতির অংশ হিসেবেই বিট্টু এ সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। আম আদমি পার্টি (এএপি) শাসিত পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে তিনি সম্প্রতি সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাভনীত সিং বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশসেবার সুযোগ পাওয়া তাঁর জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, ভারতের জনগণ, বিশেষ করে পাঞ্জাবের মানুষের সেবা করা তাঁর জন্য সৌভাগ্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে তিনি অঙ্গীকারবদ্ধ এবং নতুন উদ্যমে জনগণের সেবায় কাজ চালিয়ে যাবেন।
রাভনীত সিং বিট্টু পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি। দীর্ঘদিন কংগ্রেসে রাজনীতি করার পর ২০২৪ সালে তিনি বিজেপিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। পরে কংগ্রেস নেতা কে. সি. ভেনুগোপালের শূন্য হওয়া আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিট্টুর এই পদত্যাগ বিজেপির নির্বাচনী কৌশলেরই অংশ হতে পারে।