নওগাঁ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জলজ সম্পদ বৃদ্ধি ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নওগাঁয় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মো. মামুনুর রহমান রিপন।
বিকেল ৪টার দিকে নওগাঁ সদর উপজেলার ছোট যমুনা নদীর ডিগ্রি মোড় এলাকায় উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকরা জানান, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে বিকেল ৫টার দিকে শহরের বাইপাস মোড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সময়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান।’
এ ছাড়া সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. মামুনুর রহমান রিপন বলেন, পরিবেশ রক্ষা শুধু কোনো কর্মসূচির বিষয় নয়, এটি সবার সামাজিক দায়িত্ব। জলাশয় সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি মো. কবির আলম লিটন বলেন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ লক্ষ্যেই বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরির কার্যক্রম চালানো হচ্ছে।
সংগঠনের নেতারা জানান, সারাদেশে একযোগে পালিত ২৫টি পরিবেশবিষয়ক কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে সংগঠনের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর সংযুক্ত) মো. আতিউর রহমান আতিকসহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব