| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মদ্যপানে ভেঙেছে সংসার, দুই মাস পরই মারা যান স্বামী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ২২:২১:৫০:অপরাহ্ন  |  ১৬৮ বার পঠিত
মদ্যপানে ভেঙেছে সংসার, দুই মাস পরই মারা যান স্বামী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতীয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। যিনি হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। পীযূষ পুরের সঙ্গে এই অভিনেত্রীর ২২ বছরের সংসার ভেঙে যায়। এবার সংসার ভাঙার পেছনের কথা সামনে আনলেন অভিনেত্রী। এর আগে শুভাঙ্গী জানিয়েছিলেন, স্বামীর অ্যালকোহলে আসক্তিই তাদের সম্পর্ক ভাঙার অন্যতম প্রধান কারণ ছিল।

সম্প্রতি হটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভাঙ্গী বলেন, বিয়ের শুরুর দিকে তিনি স্বামীর আসক্তির গভীরতা বুঝতে পারেননি।

অভিনেত্রীর কথায়, ‘জানতাম, ও মদ খেতে পছন্দ করত। পার্টিতে আমিও কখনো কখনো পান করতাম। কিন্তু ধীরে ধীরে যখন আসক্তি বাড়তে শুরু করল, তখন বুঝতেই পারিনি পরিস্থিতি কতটা গুরুতর হয়ে উঠেছে। পীযূষ দক্ষতার সঙ্গে বিষয়টি লুকিয়ে রাখত। ভাবতাম, হয়তো খুব ক্লান্ত বা ঘুম পাচ্ছে। কিন্তু পরে সেই আসক্তির প্রভাব ওর শরীরেও পড়তে শুরু করে।’

স্বামীর সেই আসক্তি তাদের দাম্পত্যে কী প্রভাব ফেলেছিল, সে প্রসঙ্গে শুভাঙ্গী বলেন, ‘পীযূষ কিছুটা খিটখিটে হয়ে উঠেছিলেন, তবে কখনো তার সঙ্গে দুর্ব্যবহার করেননি। আমি পীযূষকে বলতাম, নিজের উন্নতি আর সুখের জন্য কাজ করতে। কিন্তু ধীরে ধীরে ও নিজের কাজের প্রতিই আগ্রহ হারিয়ে ফেলল। আসক্তিই ওর জীবনের কেন্দ্র হয়ে গেল। তখনই মনে হয়েছিল, এভাবে আর চলতে পারে না।’

শুভাঙ্গী জানান, একসময় পুরো পরিবারের আর্থিক দায়িত্বও তার ওপর এসে পড়ে। তিনি বলেন, বিচ্ছেদ পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই হয়েছিল। তবে এই সিদ্ধান্ত নিতে তাদের প্রায় দুই বছর সময় লেগেছে।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে শুভাঙ্গী বলেছিলেন, ‘মানুষ ভেবেছিল, আমি সফল হওয়ার পর স্বামীকে ছেড়ে দিয়েছি। কিন্তু তা একেবারেই সত্য নয়।’

অভিনেত্রী জানান, সংসার বাঁচানোর জন্য তিনি সব ধরনের চেষ্টা করেছিলেন। এমনকি পীযূষকে পুনর্বাসনকেন্দ্রেও (রিহ্যাব) পাঠিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রচেষ্টাই তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি।

উল্লেখ্য, ২০২৫ সালে শুভাঙ্গীর সঙ্গে পীযূষের বিচ্ছেদ হয়। এর মাত্র দুই মাস পর লিভার সিরোসিসে মারা যান পীযূষ।  

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪