| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৩:০১:০৯:অপরাহ্ন  |  ২১০ বার পঠিত
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

রিপোর্টর্স২৪ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসী বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় জানা গেলেও আনুষ্ঠানিকভাবে সব তথ্য যাচাই সম্পন্ন হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, পিতা মো. সাইদুর রহমান এবং মো. কলিমউদ্দিন, পিতা মৃত বজলুর প্রামানিক রয়েছেন। একই গ্রামের মো. মোহন ও মো. সুমন, পিতা গুফফার প্রামানিকও এ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।

এছাড়া আত্রাই উপজেলার খরস্রোতা গ্রামের মজিদুল, পিতা মজনু; উজানপই গ্রামের ফরিদ; ডুবাই গ্রামের শুভ ও সুমন; বোয়ালা গ্রামের হৃদয়; নওগাঁ গ্রামের শাহিন; খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর নিহত হয়েছেন।

নিহতদের তালিকায় একই উপজেলার মিনহাজের গ্রামের একজনও রয়েছেন। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তার নাম জানা যায়নি। অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বিরও সৌদির ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় নিহত অপর বাংলাদেশি হলেন রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত ও যাচাইয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ও নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই শেষে পরবর্তী সময়ে জানানো হবে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার সোফা তৈরির ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একসঙ্গে ১৬ বাংলাদেশির প্রাণহানির ঘটনায় দেশে থাকা তাদের স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।


রিপোর্টর্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪