| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে দুই বিষয়ে ফেল করেছেন অধিকাংশ শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ২৩:৫২:৪৪:অপরাহ্ন  |  ১৬৩ বার পঠিত
যে দুই বিষয়ে ফেল করেছেন অধিকাংশ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৩৭ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করতে পারেননি। এর মধ্যে ইংরেজি ও গণিতে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিষয়ভিত্তিক পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ইংরেজি। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এ বিষয়ে ৭৫ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। 

ইংরেজিতে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এরপর রয়েছে সিলেট শিক্ষা বোর্ড।

এ বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৯ দশমিক ১১ শতাংশ। বরিশাল শিক্ষা বোর্ডেও ইংরেজি বিষয়ে পাসের হার তুলনামূলকভাবে কম। গণিতেও পাসের হার কম। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এ বিষয়ে গড়ে ৭৬ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

গণিতে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৬৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। মাদরাসা শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার ৬৯ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ০৫ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে ৭৫ দশমিক ৯৬ শতাংশ এবং রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী গণিতে পাস করেছেন।

অন্যদিকে, অন্যান্য বিষয়ের তুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং বাংলা বিষয়ে শিক্ষার্থীদের পাসের হার তুলনামূলকভাবে ভালো।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। 

৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদরাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪