| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এসএসসি ফলাফলে এবারও রাজশাহীর শীর্ষে বগুড়া

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ১৮:৫০:২২:অপরাহ্ন  |  ৩৮২ বার পঠিত
এসএসসি ফলাফলে এবারও রাজশাহীর শীর্ষে বগুড়া

বগুড়া প্রতিনিধি: সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের শীর্ষ অবস্থান দখল করেছে বগুড়া। গতবারের মতো এবারও সাফল্যে এগিয়ে রয়েছে। তবে কমেছে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। 

সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে শিক্ষাবোর্ডে প্রথম হয় উত্তর জনপদের জেলা বগুড়া। এবারের পরীক্ষায় মোট ৩২ হাজার ১৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮ জন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। 

এ তথ্য নিশ্চিত করেছে জেলা শিক্ষা কার্যালয়। সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সালেও রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছিল বগুড়া। পাসের হার ছিল ৮৩ দশমিক ৫০ শতাংশ। ৩৩ হাজার ৩৪১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২৭ হাজার ৮৩৯জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৯০০ শিক্ষার্থী। ২০২৪ সালে মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ৩১ হাজার ৭০৭ জন। পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ ছিল ৬ হাজার ৫৭৪ জন। 

২০২৬ সালের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ৭০ শতাংশ ছাড়িয়েছে শুধু বগুড়া। জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও অন্য জেলাগুলোর তুলনায় অনেক এগিয়ে আছে। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন। বগুড়ার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বেশি ১ হাজার ৫২৯ জন। 

এদিকে, জয়পুরহাট জেলার পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ। সেখানে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৮ জন। নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন এবং নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন। পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭০ জন। সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম। ৫৮ দশমিক ৬৪ শতাংশে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। 

পরীক্ষার ফলাফলে জেলার সব প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবারও সাফল্য ধরে রেখেছে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান, এরমধ্যে তিনটিতে শতভাগ পাসের গৌরব অর্জন। বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। সর্বোচ্চ ফল জিপিএ ৫ পেয়েছে ১৮৪ জন। পরীক্ষার্থীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কেন্দ্র ছিল বিয়াম মডেল স্কুল ও কলেজ। ৪৩৬ জন পরীক্ষার্থীর সবাই শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩৪৩ জন শিক্ষার্থী। বগুড়া জিলা স্কুলে ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৩ জন পাস করলেও অকৃতকার্য হয়েছে একজন। জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন শিক্ষার্থী। শহরের অন্য দুটি শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পাবলিক স্কুল শতভাগ পাসের রেকড গড়েছে। ৩৫৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ২৭৬ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৮ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩২৪ জন শিক্ষার্থী। স্কুল অভ দ্যা হলি কুরআন প্রতিষ্ঠানের শিক্ষার্থীও শতভাগ পাস করেছে। 

ফলাফল সন্তোষজনক বলে জানিয়েছেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪